)
প্রতিবেদক: বাপ্পী শেখ | ২৩ জুন ২০২৬, মঙ্গলবার
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য ও কথিত নেতা নাজমুল খান শান্ত (৩১) গ্রেফতার হয়েছেন। এ সময় তার কাছ থেকে সংগঠনটির বিপুল পরিমাণ পোস্টার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের প্রত্যক্ষ নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিবি পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন মোরাপাড়া পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকায় পোস্টার লাগানোর সময় নাজমুল খান শান্তকে হাতে-নাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত পোস্টার ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত সোনারগাঁও উপজেলার মুগড়াপাড়া ইউনিয়নের চিনিস এলাকার বাসিন্দা এবং দুরুদ খানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন