দিঘলিয়া প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সারা দেশের ন্যায় খুলনার দিঘলিয়া উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল বুধবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তবে নিবন্ধনকৃত পরীক্ষার্থীদের একটি বড় অংশ পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দিঘলিয়া উপজেলা থেকে মোট ৫৩৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫১৮ জন এবং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলো থেকে ১৮ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়। তবে পরীক্ষার দিন ৪২৩ জন শিক্ষার্থী উপস্থিত থাকলেও বিভিন্ন কারণে ১১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উল্লেখ্য যে, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি জটিলতা বিরাজ করছিল। কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ায় বৃত্তি পরীক্ষার সময়সূচী নির্ধারণে কিছুটা বিলম্ব হয়। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এই জটিলতার অবসান ঘটে এবং পরীক্ষা শুরু হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান নিয়ম অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ বৃত্তির কোটা সংরক্ষিত রাখা হয়েছে। এই নীতিমালা অনুসরণ করেই মেধা তালিকার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। দিঘলিয়া উপজেলায় অত্যন্ত স্বচ্ছতা ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট অভিভাবক ও শিক্ষকগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন