মোঃ ইউসুফ শেখ, খুলনা।।
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা গ্রামে এক কৃষকের বসতবাড়িতে বেআইনি জনতাবদ্ধে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ ফেব্রুয়ারি সকালে সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগী মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকার সময় অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাহিদুল ইসলামের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকা ও মালামালসহ আনুমানিক ৫,০৭,৪০০ টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। হামলায় বাড়িঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২,৫৭,৪০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জাহিদুল ইসলাম (৪২) তার অভিযোগে মোট ১৭ জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করেছেন।
প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন: মোঃ বাদশা গাজী (৪০), পিতা- মোঃ সিরাজ গাজী,আকরাম গাজী (৫১), পিতা- হামেদ গাজী, মোঃ হিফজুর গাজী (৫০), মোঃ রোকা গাজী (৬০), মোঃ মালুম গাজী (৪৫) ও মোঃ রহু গাজী (৬৫)—সকলের পিতা মৃত হামেদ গাজী।
এছাড়াও মেজবা গাজী, ডালিম গাজী, মনির গাজীসহ স্থানীয় আরও বেশ কয়েকজনের নাম এজাহারে রয়েছে।
ঘটনার পরদিন ২৮ ফেব্রুয়ারি বিকেলে থানায় লিখিত অভিযোগ জমা দিলে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে (মামলা নং-০৯, তারিখ: ২৮/০২/২০২৬)। দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৫০৬/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) মোঃ শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ জামিল হোসাইনকে। আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন