খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক প্রেসক্লাব (খুলনা বিভাগ) ও খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোশারেফ হোসেনকে প্রকাশ্যে জীবননাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতি শেখ রেজাউল হকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে খুলনাজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভও নিন্দার ঝড় উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে শেখ
রেজাউল হক সাংবাদিক মোঃ মোশারেফ হোসেনের সাথে অশোভন আচরণ করেন এবং এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। শুধু তাই নয়, তিনি সাংবাদিক নেতাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার সময় উপস্থিত ছিলেন শিরোমণি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় আরও অনেক ব্যক্তি। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, "সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ভয়ভীতি ও হুমকির পথ বেছে নেওয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।' সাংবাদিক নেতার উপর এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও তারা মন্তব্য করেন।
সাংবাদিক মহলের নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি সাংবাদিকদের হুমকি দেওয়ার সাহস না পায়।
এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছে, স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা অত্যন্ত জরুরি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন