শেখ মোঃ শামীমুল ইসলাম,
দিঘলিয়া প্রতিনিধিঃ
শীতের প্রভাব শেষ হতে না হতেই দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে মশার ভয়াবহ উপদ্রব। ফাল্গুনের শুরুতেই বাড়ির আশপাশের ডোবা, নালা, নদীনালা ও অপরিচ্ছন্ন স্থানে পানি জমে থাকার কারণে মশার বংশবিস্তার বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দিনের বেলা যেমন, তেমনি রাতের আঁধারেও মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। অনেক এলাকায় মশার অবস্থা যেন মৌমাছির ঝাঁকের মতো। এতে শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা করতে পারছে না, মুসল্লিরাও স্বস্তিতে নামাজ আদায় করতে পারছেন না।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বাড়ির আশপাশের ডোবা-নালা পরিষ্কার না থাকায় সেখান থেকেই মশা ঘরের ভেতরে প্রবেশ করছে। সন্ধ্যা নামার আগেই অনেকে জানালা-দরজা বন্ধ করে দিচ্ছেন। কেউ কেউ মশারি টানিয়ে বসবাস করছেন।
গতকাল দ্বিতীয় তারাবির নামাজের সময় বিভিন্ন মসজিদে মশার কয়েল জ্বালাতে দেখা গেছে। গরম পুরোপুরি শুরু না হতেই এমন পরিস্থিতি দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামনে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা দ্রুত মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহলের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন